বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় নিথর হলেন নারী
চট্টগ্রামে বাবার বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ফাতেমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি পৌরসভার বারৈয়ারহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী ফাতেমার বাবার বাড়ি ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফুলজানা বাড়ি এলাকায়। তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামনি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন ফাতেমা। রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি আরো জানান, ট্রাকটি উদ্ধার করলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় তিশা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিশা একই ইউনিয়নের হাজীপাড়া এলাকার মোহাম্মদ নূর নবীর মেয়ে। সে হাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় তিশাকে একটি মিনিবাস চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বাসচাপায় আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।