ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২২
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও নান্দাইল উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ীয়ায় গভীর নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নাওগাঁও ইউপির কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নলকূপের মালিক সাইদুল ইসলাম ও একই গ্রামের গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা নলকূপের মিস্ত্রি।

স্থানীয় সূত্র জানায়, সকালে সাইদুল ইসলামের বাড়ির গভীর নলকূপের পাইপের ভেতরের রড ছিঁড়ে যায়। স্থানীয় গোলাম মোস্তফাকে নিয় রড তোলার সময় ওপরের বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে যায়। পরে ওই রড বিদ্যুতায়িত হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার  দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার চন্ডিপাশা ইউপির ঘোষপালা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। 

স্থানীয়রা জানান, সাদ্দামের ঘরের ওপর দিয়ে একটি বিদ্যুৎ লাইন অন্যের  ঘরে গেছে। সেটি মেরামত করার জন্য ঘরে চালায় উঠেছিলেন তিনি। সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ থানায় রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!