বন্দরে কোকেন আটক: ১০ আসামির বিচার শুরু
চট্টগ্রাম বন্দরে আলোচিত কোকেন আটকের মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ আদেশ দেন।
মহানগর পিপি আইনজীবী মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তার ভাই মোস্তাক আহম্মদ, খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেল, মোস্তফা কামাল, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম, আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) একেএম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী ফজলুর রহমান ও বকুল মিয়া এবং সিঅ্যান্ডএফ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
.png)
চার গঠনের সময় একেএম আজাদ রহমান, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সোহেল, মোস্তফা কামাল ও মো. আতিকুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দের ঘটনায় চোরাচালান আইনে করা মামলায় চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারকাজ শুরু হলো। আগামী ২ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত।
২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ২৭ জুন চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটির নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় (৯৬ ও ৫৯ নম্বর) কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় ২০১৫ সালের ২৭ জুন নগরীর বন্দর থানায় মাদক ও চোরাচালান আইনে মামলা হয়।