টেকনাফে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীসহ তিন রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়েছে।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
আরো পড়ুন>>> ইয়াবা বিক্রির টাকা নিতে উড়োজাহাজে ঢাকায় আসেন তারা
আটককৃতরা হলেন- জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (২৪), ব্লক-বি/৭-এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের (২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২)-এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন (২৩)।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৭ (জাদিমুড়া)-এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছের বাড়ির পাশে খালি জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র দলের ডাকাতির প্রস্তুতির কথা জানতে পারে এপিবিএন। এর ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে ঐ তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
আটককৃত মোস্তফা কামাল ও মোহাম্মদ তাহের টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া মোহাম্মদ তাহের ও কামাল হোসেন পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানান এসপি তারিকুল ইসলাম তারিক।
তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।