ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জুতার মালা পরিয়ে ঘোরানো হলো বাজারে, জানাজানি হতেই তোলপাড়
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে শহিদুল হোসেন নামে এক যুবককে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছে স্থানীয়রা। পরে বাজারের ব্যবসায়ীরা তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনা জানাজানি হলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের কানে গেলে তারা খোঁজখবর নিতে শুরু করে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ঐ উপজেলার পাটগাতী বাজারে এ ঘটনা ঘটে। ঐ যুবক পার্শ্ববর্তী বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু জানান, ঐ যুবক গত ১৪ জানুয়ারি পাটগাতী বাজারের মনি ইলেকট্রনিকস থেকে দুটি এলইডি টিভি, একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকাসহ মানিব্যাগ ও শিমলা সুইটস থেকে একটি মোবাইল চুরি করে। পরে দোকানদাররা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসি ক্যামেরার মাধ্যমে চোর শনাক্ত করা হয়। কিন্তু সে কারো পরিচিত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে ঐ যুবক বিভিন্ন দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করায় ব্যবসায়ীরা তাকে আটক করেন। তখন সিসি ক্যামেরার ছবির সঙ্গে তার চেহারা মিলে যাওয়ায় ব্যবসায়ীরা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে পুরো বাজার ঘোরান। পরে মানবিক কারণে তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পাটগাতী বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান জানান, এটা অত্যন্ত দুঃখজনক। ব্যবসায়ীরা নন- উৎসুক জনতা এমনটা করেছে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিষয়টি জানতে পেরেছেন। কেউ পুলিশকে এ ঘটনা জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঐ ব্যক্তি সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।