ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, আহত ২
শজিমেক হাসপাতাল। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সদর উপজেলায় পিকনিকের আয়োজনে হামলা চালিয়ে ২৬ বছর বয়সী তুহিন বাবু ওরফে কুইন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তুহিনের আরো দুই সহযোগী। 

শনিবার রাত ১১ টার দিকে সদরের নিশিন্দারা খাঁ-পাড়া এলাকার একটি ইউক্যালিপ্টাস গাছের বাগানে এই হামলার ঘটনা ঘটে। 

নিহত তুহিন ঐ এলাকার শহিদুর রহমানের ছেলে।

Advertisement

আহত দুজন হলেন একই এলাকার ৩২ বছর বয়সী মোহাম্মদ রহিম ও ২৫ বছর বয়সী ঝন্টু। তাদের মধ্যে রহিম নিহত তুহিনের সম্পর্কে মামা হন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

এসআই আব্দুর রহিম জানান, হামলাকারীদের মধ্যে কাউকে আটক করা যায়নি। তাদের ধরতে অভিযান চলছে।

জানা গেছে, তুহিন তার সহযোগীদের নিয়ে নিশিন্দারা খাঁ-পাড়া এলাকার  ইউক্যালিপ্টাস বাগানে রাতে পিকনিকের আয়োজন করেন। রাতে খেতে বসার আগে সেখানে তারা প্রতিপক্ষের হামলার শিকার হন। হামলাকারী ১০-১২ জন ছিলেন। তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিন, রহিম ও ঝন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, তুহিনের লাশ হাসপাতালের মর্গে আছে। রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!