পাখির কলতানে মুখর নাফনদী
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘেঁষে বয়ে চলেছে নাফনদী। প্রতি বছর শীতের শুরুতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে এ নদীতে। এবারো দেখা মিলছে অনেক অচেনা পাখি। সকাল-সন্ধ্যা এসব অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে নাফনদী। শীতের শেষে নিজ নীড়ে ফিরে যায় এসব পাখি।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ উপজেলা বিস্তৃত এ নাফনদীর অধিকাংশ স্থানে বিভিন্ন ধরনের পাখির আনাগোনা। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ সড়কে নামলেই চোখ-মন ছুঁয়ে যায় সবুজের সমারোহ। গাংচিল, বকসহ অসংখ্য অতিথি পাখির ওড়াউড়ি, মাছ লাফালাফি আরো কত কী। আর মাছে ভরপুর হাঁটুপানিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিদের মিলন মেলায় যেন স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে নদীজুড়ে। দিনের আলোয় নাফনদীতে দলবদ্ধ অতিথি পাখির বিচরণ করার চিত্র যে কাউকেই মুগ্ধ করবে।

.png)
শাহপরীর দ্বীপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন বলেন, প্রতি বছর এ সময় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বেড়িবাঁধ সংলগ্ন নাফনদীর তীরে নিজেদের আহার যোগাতে গাংচিল, বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে।
ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, শীতের সময়ে নদীর তীরে অতিথি পাখিদের বিচরণ মুগ্ধতা ছড়ায়। অতিথি পাখির অবাধ বিচরণ নষ্ট করার জন্য অনেকেই দায়ী। অনেকেই ঢিল মেরে পাখিকে তাড়িয়ে দেয়। এসব বন্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে আমাদের এলাকা অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে।