ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকাশ্যে ভ্যানচালক জাহিদুলকে হত্যা, ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি 

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১৭:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২
প্রকাশ্যে ভ্যানচালক জাহিদুলকে হত্যা, ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি 
প্রকাশ্যে ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যাকারীর দ্রুত বিচার, ফাঁসির দাবি ছবি: ডেইলি বাংলাদেশ

ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের হালকা ধাক্কার জেরে কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে ভ্যানচালক জাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

আটক ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে আসামি করে গত বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।  

এর আগে গত বুধবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। 

Advertisement

আসামি জুয়েল কুমারখালী পৌরসভার পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত রতনের ছেলে। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে হত্যাকারী জুয়েলের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া - রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, গণমোড়, হলবাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে পৌছায়। সেখানে দ্রুত ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন এবং তাদের শান্ত করেন।

উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভরত নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‌‌‘হত্যাকারীর দ্রুত বিচার, ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করছি। আর যেন কোনো ভাইয়ের এমন প্রাণ না যায়, সেজন্য প্রশাসনের নজরদারী করতে হবে।'

নিহতের মা আম্বিয়া খাতুন আবেগে বলেন, ‘আমার ছেলেকে যেভাবে হত্যা করেছে, আমি সেইভাবে খুনি জুয়েলকে মারতে চাই।'

জানা গেছে, গত বুধবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সঙ্গে জুয়েলের মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা,  কথাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো চুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়েল। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে আদালাতে সোপার্দ করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে আসামির উপযুক্ত শাস্তির নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগীতা করবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!