নারায়ণগঞ্জে আশ্রমে যাওয়ার পথে লাশ হলো দুই শিশু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আশ্রমে যাওয়ার পথে কাভার্ডভ্যানচাপায় দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ইরছা রানী বর্ধন (৭) ও বৃষ্টি বর্ধন (৫)। ইরছা রানী উপজেলার মনোহরদী গ্রামের সুজনের মেয়ে ও বৃষ্টি সুমন বর্ধনের মেয়ে।
এ সময় সুমন বর্ধন ও কার্তিক বর্ধন নামের আরো দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধন ও ভাতিজি ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিলেন। তারা লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে ইরছা রানী মারা যায়। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, দুই শিশুর লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।