বিয়েবাড়িতে গান বাজালেই জরিমানা!
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান-বাজনায় সতর্কতা জারি করেছেন ইউপি চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ। গান বাজালে ৭৫ হাজার টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি।
নিজের আইডি থেকে চেয়ারম্যানের এসব সতর্কবার্তা নির্দেশনা রূপে ফেসবুকে প্রচার করছেন ‘হাফেজ মনিরুল ইসলাম’। তবে খালেদ সাইফুল্লাহর দাবি, তিনি ওই আইডিধারী হাফেজ মনিরুল ইসলামকে চেনেন না। তিনি সতর্কবার্তাকে ভিন্নরূপে প্রচার করছেন।
চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, রাতে উচ্চশব্দে গান-বাজনা চললে মানুষ ঘুমাতে পারে না। এজন্য রাতে গান-বাজনা না করার জন্য সতর্ক করা হয়েছে। মানুষ অভিযোগ দিলে জরিমানা করা হবে। চেয়ারম্যান হিসেবে আমার ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নিয়ম রয়েছে। আমার ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে এটি ফেসবুকে চালাচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
.png)
তিনি আরো বলেন, একজন আলেম হিসেবে মা-বোন ও স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের পর্দার জন্য বোরকা পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছি। স্কুলে মোবাইল নিয়ে গেলে পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। এতে স্কুলে যেন শিক্ষার্থীরা মোবাইল নিতে না পারে সেজন্য অভিভাবকদের সতর্ক করার জন্য ওয়াজ-মাহফিলে আমি কথা বলেছি। আমার কথাগুলো কোনো আইন নয়, সতর্কবার্তা ও পরামর্শ। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমি বলেছি একরকম, লোকজন প্রচার করছে অন্যরকম।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বিষয়টি শুনেছি। চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, ভুয়া আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ফেসবুকে হাফেজ মনিরুল ইসলামের (Hafej Monirul Islam) স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘আলহামদুলিল্লাহ, শুরু হল ইসলামী শাসন ব্যবস্থা। কাদিরা ইউনিয়নের বিয়ের অনুষ্ঠানে কোনো গানবাজনা চলবে না। যদি চলে ৭৫ হাজার টাকা জরিমানা করা হবে। বাজারে কোনো গানের আওয়াজ যেন না শুনি। তোমার মন চাইলে এয়ার ফোন দিয়ে শোন, আরেকজনকে শুনাইও না। যারা বক্স ভাড়া দাও, মনে রেখ এমন বাজেয়াপ্ত হবে কোনোদিন ফিরে পাবে না।
‘কোনো অভিভাবক বোরকা ছাড়া মেয়েদের স্কুলে পাঠাবেন না। যারা পাঠাবেন তাদের তালিকা করব। কী ব্যবস্থা নেই, সেটা পরে দেখবেন। স্কুলে কোনো ছাত্র-ছাত্রী মোবাইল নিতে পারবে না। মোবাইল বাড়িতে চালাবে। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ এটা খেয়াল রাখবেন।’