ব্যবসার নামে ১২ কোটি টাকা হাতিয়ে চলে যান আত্মগোপনে
চট্টগ্রামে ডেভেলপার ব্যবসার নামে ১২ কোটি টাকা হাতিয়ে নেয়া এক দম্পতিকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনির মুজিব খানের ছেলে মো. মুহিব খান ও তার স্ত্রী দিলশাদ বেগম। মুহিব খান পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
পুলিশ জানায়, মুহিব খান ও তার স্ত্রী আবাসনের ব্যবসা করতেন। ব্যবসায় প্লট বা ফ্ল্যাট নির্মাণের জন্য ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ১২ কোটি টাকা ঋণ নেন তারা। পরবর্তীতে কিস্তিতে ঋণের টাকা পরিশোধের কথা থাকলেও তা না করায় চেকের বিপরীতে তাদের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।
.png)
আকবরশাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, ব্যাংকের টাকা পরিশোধ না করে আত্মগোপনে ছিলেন দুজন। মুহিব খানের বিরুদ্ধে ছয়টি সাজা পরোয়ানার মধ্যে দুটিতে এক বছর ১০ মাস কারাদণ্ড ও ২৩ লাখ ৫২ টাকা জরিমানার কথা উল্লেখ রয়েছে। এছাড়া দিলশাদ বেগমের দুটি সাজা পরোয়ানায় এক বছর ১০ মাসের সাজার কথা উল্লেখ আছে। গ্রেফতারি পরোয়ানা মূলে তাদের আদালতে পাঠানো হয়েছে।