ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বেঁচে ফিরলেন জেলে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১৭ এপ্রিল ২০২২
বাঘের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বেঁচে ফিরলেন জেলে
সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের কামড় ও থাবা খেয়েও লড়াই করে বেঁচে ফিরলেন জেলে আবু সালেহ আকন। ছবি: সংগৃহীত

বাগেরহাটে সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের কামড় ও থাবা খেয়েও লড়াই করে বেঁচে ফিরলেন জেলে আবু সালেহ আকন। বাঘের আক্রমণে শরীরে ক্ষত নিয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বাঘের আক্রমণে আহত ওই জেলেকে দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ে অনেকটা বেকায়দায় পড়েছে কর্তৃপক্ষ।

জেলে আবু সালেহ আকন ও প্রত্যক্ষদর্শী সঙ্গী মো. হানিফ জানান,  রোববার সকাল ৭টার দিকে মোংলার সুন্দরবন ইউপির দক্ষিণ বাজিকরখন্ড গ্রামের জেলে আবু সালেহ আকন ও মো. হানিফ সুন্দরবনের জিউধরা এলাকার শুয়ারমারা খালে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলেন।

Advertisement

এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমণ করে সালেহের উপর। পেছন থেকে বাঘটি সালেহের ডান হাতে একটি কামড় ও বাম হাতে, বাম ঘাড়ে ও পিঠে ৬টি থাবা দিয়ে জখম করে। বাঘের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সালেহ খালে লাফিয়ে পড়ে ডাক চিৎকার শুরু করলে বাঘটি সেখান থেকে বনের গহিনে চলে যায়।

পরে ঘটনাস্থল থেকে দূরে থাকা সালেহর সঙ্গী হানিফ ও সালেহ’র চাচাতো ভাই আসাদুল সরদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, সালেহের শরীরের বিভিন্ন জায়গায় ৭টি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় ইউপি মেম্বার (সংরক্ষিত) মাসুমা বেগম বলেন, সালেহ একজন পেশাদার জেলে, তার বাবাও জেলে ছিলেন। বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সালেহ খুব সাহসী হওয়ায় বাঘের সঙ্গে ধস্তাধস্তি করে প্রাণে বেঁচে ফিরে এসেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!