ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর মোশাহিদ হত্যায় ৬ আসামি রিমান্ডে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৭ এপ্রিল ২০২২
চাঞ্চল্যকর মোশাহিদ হত্যায় ৬ আসামি রিমান্ডে
মোশাহিদ হত্যায় ৬ আসামি রিমান্ডে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামে ভাঙারির মালামাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোশাহিদ মিয়া নামে এক যুবককে খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান এই রিমান্ড মঞ্জুর করেন।

যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন- দত্তপাড়া গ্রামের বিলাল মিয়া, দুলাল মিয়া, সোহেল মিয়া, মালেক মিয়া, মফিজ উদ্দিন ও শাকিল মিয়া।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, দত্তপাড়া গ্রামের কাদির মিয়ার হবিগঞ্জ শহরের শ্মশান ঘাটে ভাঙারির দোকান আছে। এই দোকানে সবুর মিয়ার পক্ষের হাফিজুল মিয়া কর্মচারী হিসেবে কাজ করেন। হাফিজুল মালিকের অগোচরে দোকান থেকে কিছু ভাঙারি মালামাল সরিয়ে ফেলেন। এ বিষয় নিয়ে সবুর মিয়া এবং দুলাল মিয়ার পক্ষে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে ১০ এপ্রিল দুপুরে উভয়পক্ষ দত্তপুর বেরীবাধে এসে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মোশাহিদ মিয়া নিহত হন এবং উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এ ঘটনায় নিহত মোশাহিদ মিয়ার পিতা সবুর মিয়া বানিয়াচং থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই উপরোক্ত ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত সবার বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, এই রিমান্ড মঞ্জুর হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!