সম্প্রতি এ ঘটনা ঘটেছে ঐ উপজেলার ঝিনা পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনা পূর্বপাড়া গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে প্রধান সড়ক থেকে গ্রামের মধ্য দিয়ে যাওয়া একটি কাঁচা রাস্তায় ১০ বছর আগে ইটের সোলিং করে দেয় ইউনিয়ন পরিষদ। ২ বছর আগে একই গ্রামের মন্টু প্রাং ও তার ভাই ওসমান গনি লেবু তাদের রাস্তার পাশের জায়গায় বাড়ি নির্মাণ করেন। সে সময় তারা রাস্তা না ছেড়ে উল্টে তাদের বাড়ির পূর্বদিকে ইটের দেয়াল ও পশ্চিমদিকে টিনের গেট লাগিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা দুই ভাইকে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিলেও তারা শোনেনি।
.png)
ভুক্তভোগী সাদ আহম্মেদ স্বপন বলেন, আমার পরিবারসহ গ্রামের ১০-১২টি পরিবারের শতাধিক মানুষ কখনো জমির আইল ও অন্যের পুকুরের পাড় কিংবা মানুষের বাড়ির উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা ইউএনওসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছি। দ্রুত অভিযোগ যাচাই ও সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
জানতে চাইলে অভিযুক্ত ওসমান গনি লেবু রাস্তার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
রাণীনগরের ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।