শুক্রবার সন্ধ্যায় জেলার ঈশ্বরদী শহরের আমবাগান এলাকা থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে পুলিশ। পরে রাতেই পাবনা জেলা পুলিশের মাধ্যমে সাভার মডেল থানার তাদের হস্তান্তর করা হয়।
প্রেমিক সজিব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেদিয়া গ্রামের মো. আরানের ছেলে। প্রেমিকার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ মমিনপুর গ্রামে। তবে তারা সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া থাকতেন।
.png)
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, প্রথমে ৯৯৯-এ ফোন পেয়ে ও পরে সাভার থানার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। পরে রাতেই তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, মেয়ের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেমিক সজিবকে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, প্রতিবেশী ১২ বছর বয়সী ওই কিশোরীকে কৌশলে অপহরণ করেছেন সজিব- এমন একটি লিখিত অভিযোগের পরিপ্রক্ষিতে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে মেয়েটির পরিবার।
শনিবার ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম।