ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৃষ্টিপ্রতিবন্ধী তিনসন্তানসহ মাকে হকিস্টিক দিয়ে পেটানোর অভিযোগ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ২৫ এপ্রিল ২০২২
দৃষ্টিপ্রতিবন্ধী তিনসন্তানসহ মাকে হকিস্টিক দিয়ে পেটানোর অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ফুলগাজী উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ায় দৃষ্টিপ্রতিবন্ধী তিন সন্তান ও তাদের মাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামের এক তরুণের বিরুদ্ধে। 

আহতরা হলেন দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আকতার, আবদুল মোতালেব, আবদুল মুনাফ ও তাদের বৃদ্ধ মা মায়া বেগম।

রোববার দুপুরে উপজেলার ফুলগাজী সদর ইউপির কিসমত বাশুড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে ফুলগাজী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্থানীয় ব্যক্তিরা আহত চারজনকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

অভিযুক্ত শাকিল আহমেদ সদর ইউপির কিসমত বাশুড়া গ্রামের শামছুল হুদার ছেলে। 

এ ঘটনায় রোববার সন্ধ্যায় মারধরের শিকার তিন দৃষ্টিপ্রতিবন্ধীর বড় ভাইয়ের মেয়ে বাদী হয়ে ফুলগাজী থানায় শাকিল আহমেদ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে লিখিত অভিযোগ দেন।

জানা গেছে, বাদীর বাবা আবদুল হাই ও একই বাড়ির ফটিক মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফটিক মিয়া তার মামা শামছুল হুদাকে খবর দেন। পরে শামছুল হুদা তার ছেলে শাকিল আহমেদসহ পাঁচ-ছয়জনকে নিয়ে এসে ওই চারজনকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব ইমতিয়াজ। তিনি বলেন, সন্ধ্যায় কিছুটা সুস্থ বোধ করায় তাদের ওষুধপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম বলেন, ভুক্তভোগী পরিবারটি মারধরের বিষয়টি তাকে মৌখিকভাবে জানিয়েছে। 

জানতে চাইলে অভিযুক্ত শামছুল হুদা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরাও আমাদের মারধর করেছেন। আমরাও মারধর করেছি।

এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!