ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রহ্মপুত্র নদ থেকে চেয়ারম্যান পুত্রের মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পলবান্ধা ইউপির উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদী থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকার অসংখ্য মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়েন।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনার স্থলে ডুবুরী দল নিয়ে কাজে অংশগ্রহণ করে। ২০ ঘণ্টা পর আজ সকালে তার মরদেহ উদ্ধার করে দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।