খালার বাড়ি গিয়ে আর ফিরেনি, খোঁজাখুঁজির পর মিলল লাশ
লক্ষ্মীপুরের শাকচরে জিয়াদ হোসেন নামে পাঁচ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে জেলা সদরের শাকচর ১ নম্বর ওয়ার্ডের একটি বাউন্ডারি দেয়ালের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকাবাসী ধারণা, জায়গা জমির বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।
শিশুটির বাবা জিয়া উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে প্রায় সাড়ে পাঁচটার দিকে পার্শ্ববর্তী খালার বাড়িতে যায়। পরে সে আর বাড়ি ফিরেনি। এরপর বহু খোঁজাখুঁজির পর এদিন সকালে সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী একটি বাউন্ডারি দেয়ালের ভেতরে এলাকাবাসী শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি এবং তার স্বজনরা জানান, শিশুটিকে মুখে বালি ঢুকিয়ে, গলা টিপে এবং বুকে পাড়া দিয়ে হত্যা করেছে খুনিরা। তার শিশু সন্তানকে হত্যার দায়ে সঠিক তদন্ত সাপেক্ষে সরকারের কাছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির গলার বাম পাশে এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনরা সঠিক তদন্ত করে শিশুটি হত্যার জন্য অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে মামলা হবে। তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।