ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাফলংয়ে পর্যটকদের পেটালেন স্বেচ্ছাসেবকরা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৫ মে ২০২২
জাফলংয়ে পর্যটকদের পেটালেন স্বেচ্ছাসেবকরা
জাফলংয়ে পর্যটকদের পেটালেন স্বেচ্ছাসেবকরা

সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের ওপর হামলা চালিয়েছেন উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় টিকিট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় ও পর্যটকরা জানান, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসে। পর্যটনকেন্দ্রে প্রবেশে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেওয়া নিয়ে সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নারী-পুরুষসহ ছয় পর্যটকের হামলা চালান কয়েকজন স্বেচ্ছাসেবক।

Advertisement

ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লাইভ করেন।

ফেসবুক লাইভে দেখা যায়, গায়ে উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক লেখা গেঞ্জি পরিহিত টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় স্থানীয় একজন নারী ও একজন তরুণী পর্যটক হামলাকারীদের থামানোর চেষ্টা করছেন। কিন্তু হামলাকারীদের থামানো যাচ্ছে না। এ সময় তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

হামলার সময় স্থানীয় প্রশাসনের কোনো লোকজন সেখানে দেখা যায়নি। ঘটনার পর থেকে পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে সিলেট জেলা ট্যুরিস্ট পুলিশের জাফলং জোনের ওসি রতন শেখ বলেন, ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হামলার শিকার পর্যটকদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!