যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৬ লাখ টাকার চেক বিতরণ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও করোনাকালীন প্রণোদনার চেক যশোরে বিতরণ করা হয়েছে। সোমবার যশোর প্রেস ক্লাব মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে ১৬ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় প্রলোভন, প্রতিবন্ধকতা ও সংকট মোকাবিলা করেই এগিয়ে যেতে হয়। সমাজের অসঙ্গতি তুলে ধরতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়। আবার কর্মক্ষেত্রেও আছে নানা বৈষম্য। অনেক ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন হয় না। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে খুবই আন্তরিক। করোনাকালে সরকার সব মানুষকে সুরক্ষার আওতায় আনতে পেরেছে। সরকারের মানবিক কার্যক্রমের আওতায় সাংবাদিকরাও সুবিধা পাচ্ছেন। সরকারের সমালোচনাকারী সাংবাদিকরাও সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন।
.png)
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন ও সাজ্জাদ গণি খান রিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।
অনুষ্ঠানে ৮ জন সাংবাদিকের চিকিৎসা ও মৃত্যুজনিত অর্থ-সহায়তার ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৬৬ জন সাংবাদিকের মধ্যে ১০ হাজার টাকা করে করোনাকালীন প্রণোদনার চেক প্রদান করা হয়। এ সময় মোট ১৬ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।