শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ একই গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ঘরের কাজ করছিলেন মা। এ সময় উঠানে খেলছিল আব্দুল্লাহ। খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় ছেলেটি। পরে সেখানে ডুবে শিশুটির মৃত্যু হয়।
.png)
শিশুটির মা খাদিজা খাতুন জানান, ঘরের কাজ শেষ করে আব্দুল্লাহকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে আব্দুল্লাহকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার এসআই আব্দুস সালাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।