জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন
পূর্বশত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই যুবককে পিটিয়ে খুনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন।
দণ্ডিতরা হলো- বাদশা আলম, ফারুক মিয়া, মো. সেকান্দর ও আবুল কালাম আজাদ। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায়। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।
.png)
ভিকটিমরা হলেন- সীতাকুন্ডের বার আউলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন ও তার ফুপাতো ভাই জাহেদুল আলম।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, ২০০৮ সালের ২০ এপ্রিল রাত ৩টার দিকে সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় ইক্যুইটি রেডিমিপ কারখানার ভেতরে নিয়ে হারুন ও জাহিদুলকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। ১৭ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেয়।