ঘর থেকে বের হননি ২ বছর, রটল মৃত্যুসংবাদ
জামালপুরের ইসলামপুরে ৮০ বছর বয়সী ওয়াহেদ আলীকে মৃত দেখিয়ে তার বয়সক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গেল ২ বছর ধরে ভাতা পাচ্ছেন না। এতে ওষুধের টাকা জোগাড় করতে বিপাকে পড়েছেন বৃদ্ধ ওয়াহেদ আলী।
ভুক্তভোগী ওয়াহেদ আলী ইসলামপুর সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের ইদু মুন্সির ছেলে। ২০০৩ সাল থেকে নিয়মিত বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। অসুস্থতার কারণে ঘর থেকে বের হননি প্রায় দুই বছর। এতেই বাধে বিপত্তি। মারা গেছেন মনে করে বয়স্ক ভাতার তালিকা থেকে ওয়াহেদ আলীর নামই কেটে দিলেন জনপ্রতিনিধিরা।
বুক ভরা দুঃখ নিয়ে বৃদ্ধ ওয়াহেদ আলী বলেন, ১৭ বছর নিয়মিত ভাতা পেয়েছি। গত রমজান মাসে সবার বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার কথা জানতে পারি। কিন্তু সবার টাকা এলেও আমারটা আসেনি। এভাবে পর পর দুই দফা টাকা না পেয়ে অফিসে যোগাযোগ করি। এরপরই জানতে পারি, নথিতে আমাকে মৃত উল্লেখ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভাতা বন্ধ হওয়ায় ওষুধ কিনতে পারছি না। দুই বছর ধরে মানবেতর জীবনযাপন করছি। ইউপি মেম্বার মোজাহারুল হক ও সংরক্ষিত ইউপি মেম্বার মোর্শেদা বেগম ঠিকমতো খোঁজ না নিয়েই আমার ভাতা বন্ধ করে দিয়েছে।
সংরক্ষিত ইউপি মেম্বার মোর্শেদা বেগম বলেন, অনেকদিন তাকে দেখি না। এ কারণেই ভেবেছি তিনি মারা গেছেন। তাই কার্ডটা অন্যজনকে দিয়েছি।
ইসলামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন বলেন, বিষয়টি দুঃখজনক। ইউনিয়নের সার্টিফিকেটে তাকে মৃত দেখানো হয়েছে। এজন্য তার বয়স্ক ভাতা বন্ধ করা হয়েছে। বিষয়টি জানার পর সংশোধন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছি। দ্রুত তিনি ভাতা পাবেন।