ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসলামপুরে ডিজিটাল কায়দায় বয়স্ক ভাতার টাকা চুরি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ৭ জুন ২০২১
ইসলামপুরে ডিজিটাল কায়দায় বয়স্ক ভাতার টাকা চুরি
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডিজিটাল কায়দায় বয়স্ক ভাতার টাকা চুরির অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম নামে সিএসপিবির এক সমাজকর্মীর বিরুদ্ধে। জানাজানি হওয়ার পর টাকা চুরির কথা স্বীকার করে লিখিত ক্ষমা চেয়েছেন তিনি।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ওই উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের বয়স্ক ভাতাভোগী সোনাউল্লাহ ও পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুরের জয়নাল আবেদিন মোবাইলে টাকা এসেছে কিনা জানতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান। ওই সময় উপজেলা সিএসপিবির সমাজকর্মী আমিনুল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করে দেখেন অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে। পরে ভুক্তভোগীদের অজান্তে তাদের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে নিয়ে নেন এবং ভুক্তভোগীদের জানান- তাদের অ্যাকাউন্টে দুই হাজার করে টাকা এসেছে।

ভাতাভোগী সানাউল্লাহ বলেন, আমার অ্যাকাউন্টে তিন হাজার টাকাই এসেছিল। সমাজকর্মী আমিনুল কিছুক্ষণ মোবাইল টিপে দুই হাজার টাকার কথা জানান। পরে টাকা তুলতে গিয়ে আমরা বিষয়টি জানতে পারি।

স্থানীয়দের অভিযোগ, শুধু ওই দুই বৃদ্ধ নন- একইভাবে আরো অনেক ভাতাভোগীর টাকা চুরি করেছেন সমাজকর্মী আমিনুল ইসলাম।

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত আমিনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

ইসলামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এ উপজেলায় বয়স্ক ১৬ হাজার ৬৫৪, বিধবা ৮ হাজার ২৫৮ ও ৪ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী ও অন্যান্য ভাতার আওতায় রয়েছেন। এর আগে, কখনোই এমন চুরির ঘটনা ঘটেনি। তবে বিষয়টি স্বীকার করে লিখিত ক্ষমা চেয়েছেন আমিনুল ইসলাম। দুই সপ্তাহের মধ্যে তাকে অন্য উপজেলায় বদলি করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!