জ্বলছে বিএম কনটেইনার ডিপো, ১৫ ঘণ্টা পর যে বার্তা পাঠালো মালিকপক্ষ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো ৪৫০ জন। তবে ভয়াবহ আগুন লাগলেও মালিকপক্ষের কোনো হদিস মেলেনি। অবশেষে ১৫ ঘণ্টা পর সংবাদ মাধ্যমে বার্তা পাঠিয়েছেন মালিকপক্ষ।
রোববার দুপুর সাড়ে ১২টার পর সংবাদ মাধ্যমে বার্তা পাঠান বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষের প্রতিনিধি কোম্পানির নির্বাহী পরিচালক শহীদ উদ্দিন।
তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের জন্য দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করছি।
.png)
নির্বাহী পরিচালক শহীদ উদ্দিন বলেন, নিহত পরিবারকে সর্বোচ্চ এবং দগ্ধদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় গ্রহণ করা হবে। আমরা নিহত ও আহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব গ্রহণের ঘোষণা দিচ্ছি।
তিনি আরো বলেন, আমাদের কর্তৃপক্ষ এরই মধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনসহ সরকারের গঠিত তদন্ত কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা বা কোনো প্রতিপক্ষ ইচ্ছাকৃত অনিষ্টসাধন (স্যাবোটাজ) ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান তিনি।
শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।