অপারেশন হতেই ছটফট করছিল শিশু, ডাক্তার বললেন ‘এখনো বেঁচে আছে’
সাতক্ষীরার শ্যামনগরে চিকিৎসকদের ভুল চিকিৎসায় রাফিফা খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন স্বজনরা।
মঙ্গলবার উপজেলার এম.আর.এ ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত রাফিফা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামের মো. হাফিজুর রহমানের মেয়ে।
শিশুটির স্বজনরা জানান, ২৯ মে শিশু রাফিফাকে একটি পরীক্ষা দেন এম.আর.এ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আনিছুর রহমান। ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করার পর নিজস্ব ক্লিনিকে অপারেশন করার কথা বলেন। এরপর ৬জুন বিকেল ৪টার দিকে শিশুটিকে অপারেশন করেন তিনি। অপারেশনের পর ছটফট করতে থাকে শিশুটি। রাত হতেই রাফিফার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি চিকিৎসকদের জানালে রোগী এখনো বেঁচে আছে বলে জানান।
.png)
পরে রাফিফাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে লিখিত পত্র দিয়ে চিকিৎসকরা জানান, ৬ জুন রাতেই রাফিফা মারা গিয়েছিল। তার যে অপারেশন করার কথা ছিল, সেটিও ভুল অপারেশন করা হয়েছে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।