শ্রীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি স্ত্রী-সন্তান
গাজীপুরের শ্রীপুরে কুয়েতপ্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এ সময় নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতেরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ৪ থেকে ৫ জন মুখোশধারী ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে তারা মূল ফটকের তালা ভেঙে বারান্দা দিয়ে ঘরে ঢোকে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা।
আমিনুল ইসলামের স্ত্রী ফারজানা জানান, শব্দ শুনে আতঙ্কিত হয়ে তিনি টয়লেটে ঢুকে পড়েন। এ সময় নিজের মোবাইল ফোনটি জানালা দিয়ে বাইরে ফেলে দেন। পরে ডাকাতেরা টয়লেটের দরজা ভেঙে তাকে বের করে আনে। তার গলায় দা ধরে টাকা ও স্বর্ণালংকারের চাবি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ফারজানার অভিযোগ, ডাকাতেরা মালামাল নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
আমিনুল ইসলামের শাশুড়ি পারভীন বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতরে আলো দেখে তার ঘুম ভেঙে যায়। এ সময় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তার চোখ বেঁধে ফেলে। পরে তার মেয়ে ও নাতনির গলায় দা ধরে চাবি দিতে বাধ্য করা হয়। এরপর নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা।
পরিবারের সদস্যদের দাবি, ডাকাতেরা চলে যাওয়ার পর ফজরের আজান শুনে তারা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
স্থানীয় যুবদল নেতা আমান উল্লাহ মন্ডল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ধরনের ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।