মোল্লার প্রতারণা
ভোলার লালমোহনে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে মোল্লা আইসক্রিম ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান। লালমোহনের সওদাগর চৌমুহনী এলাকায় অবস্থিত কারখানায় দরজা-জানালা বন্ধ করে মোড়ক পাল্টে তৈরি করা হচ্ছে নানা নামের আইসক্রিম।
ফ্যাক্টরি লালমোহনে হলেও আইসক্রিমের গায়ে লেখা পটুয়াখালীর বাউফল ও সিলেটের মেন্দিবাগসহ বিভিন্ন স্থানের নাম। প্রতারণার বিষয়টি চোখে পড়তেই সচেতন হয়েছেন ভোক্তারা।
সরজমিনে দেখা গেছে, মোল্লা আইসক্রিম ফ্যাক্টরির কারখানার দরজা-জানালা বন্ধ করে রাত-বিরাতে তৈরি হচ্ছে এসব নামসর্বস্ব ও অস্বাস্থ্যকর আইসক্রিম। এছাড়া একই কারখানায় শিশুদের জন্য তৈরি পানীয়তে মেশানো হচ্ছে ক্ষতিকর রঙ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কয়েক বছর ধরে মোল্লা আইসক্রিম ফ্যাক্টরি দরজা-জানলা বন্ধ করে অস্বাস্থ্যকর পরিবেশে তাদের পণ্য উৎপাদন করে আসছে। চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে সেসব পণ্য বিক্রিও করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিশুরা এসব আইসক্রিম ও পানীয় খাচ্ছে। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।
মোল্লা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. সিরাজ মোল্লা বলেন, ঢাকা থেকে আমরা আমাদের নামের আইসক্রিমের বক্স বা প্যাকেট অর্ডার করি। তবে সেখানে এসবের ঘাটতি থাকলে তারা অন্য নামের বক্স বা প্যাকেট আমাদের দেয়। তাই আমরা ঐ নামেই পণ্য তৈরি করতে বাধ্য হই।
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিউবওয়েলের পানি দিয়েই আমরা স্বাস্থ্যসম্মতভাবে আইসক্রিম উৎপাদনের চেষ্টা করি।
লালমোহনের ইউএনও পল্লব কুমার হাজরা বলেন, বিষয়টি আমাদের নজরে পড়েছে। শিগগিরই আমরা স্বাস্থ্য বিভাগসহ জনস্বার্থে এসব আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালাব।