ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে ধর্ষণচেষ্টা মামলায় দুইজনের কারাদণ্ড

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৬ জুলাই ২০২২
রাঙ্গামাটিতে ধর্ষণচেষ্টা মামলায় দুইজনের কারাদণ্ড
আদালতের রায়: প্রতীকী ছবি

রাঙ্গামাটিতে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামিকে সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (৬ জুলাই) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার প্রথম আসামি মো. সাখাওয়াত হোসেনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

অপরদিকে মামলার দ্বিতীয় আসামি মো. শাহজাহান উদ্দীন প্রকাশ শাহীন আলমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Advertisement

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সাখাওয়াত হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১২ নম্বর পূর্বকোদালা ইউনিয়নের সিংহঘোনা গ্রামের মো. আকবর হোসেনের ছেলে এবং শাহীন আলম একই এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। এর মধ্যে সাখাওয়াত পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

২০২০ সালের ২০ অক্টোবর এক কলেজছাত্রী রাজস্থলী থেকে কাপ্তাই বরইছড়ি যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অটোরিকশা চালক মো. সাখাওয়াত হোসেন ও তার সহযোগী মো. শাহজাহান উদ্দীন ওরফে শাহীন আলম বাঙ্গালহালিয়া বাজার থেকে কলেজছাত্রীকে চন্দ্রঘোনা ফেরিঘাট নিয়ে আসার কথা বলে সিএনজিতে তোলেন। 

অটোরিকশা চলন্ত অবস্থায় একপর্যায়ে অটোরিকশা চালক যাত্রীর আসনে বসে সহযোগীকে অটোরিকশা চালাতে দেন। অটোরিকশা চালক পেছনে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আরেক আসামি শাহীন আলম সিএনজি অটোরিকশা চালকের আসনে বসে গাড়ি চালান এবং পুরো ঘটনায় সহায়তা করে। 

একপর্যায়ে কলেজছাত্রী চিৎকার করে চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে তিনি মাথা, কাঁধে ও হাঁটুতে আঘাত পান। ঐ দিনই কলেজছাত্রীর বাবা চন্দ্রঘোনা থানায় মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয়।

এদিকে মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাঙ্গামাটির বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি।

তিনি বলেন, আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। দুই আসামির একজনকে ৮ বছর এবং আরেকজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে যথাক্রমে দেড়লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে এক বছর ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!