বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩১ বছর বয়সী রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার হাবিবুর রহমানের ছেলে ও কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
.png)
জানা গেছে, ৩ জুলাই রাত ৯টার দিকে কল পেয়ে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা অফিস থেকে বের হন রুবেল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার জিডি করে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে গড়াই নদীতে ব্রিজের নিচে লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।