ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওঠায় নারীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১৮ জুলাই ২০২২
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওঠায় নারীকে পিটিয়ে হত্যা
নিহত রোকসানা আক্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিকের বাড়ির লোকজনের বিরুদ্ধে।

সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকসানা আক্তার। ৩৮ বছর বয়সী রোকসানা একই ইউনিয়নের বাইশটেকি গ্রামের মনু মিয়ার মেয়ে।

অভিযুক্ত প্রেমিকের নাম মনির হোসেন। তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের রাজু মিয়ার ছেলে।

Advertisement

তালতলা পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজু আহমেদ বলেন, মনিরের সঙ্গে স্বামী পরিত্যক্তা রোকসানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মনির। সোমবার ভোরে মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন রোকসানা। এ সময় তাকে একাধিকবার বাড়ির বাইরে টেনেহিঁচড়ে বের করে দেন মনিরের বাড়ির লোকজন।

নিজের অবস্থানে অনড় থাকায় দুপুরে মনির হোসেন, তার ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ সাত-আটজনের একটি দল পাইপ ও রড দিয়ে পিটিয়ে রোকসানাকে আহত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন মনির ও তার স্বজনরা। সেখানে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ রেখেই মোবাইল বন্ধ করে হাসপাতাল থেকে পালিয়ে যান মনির ও তার পরিবারের লোকজন।

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এক নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!