ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গুইসাপ ধরে বাড়ি নিলেন কৃষক, ৫ দিন পর ফিরল আপন ঠিকানায়

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২১ জুলাই ২০২২
গুইসাপ ধরে বাড়ি নিলেন কৃষক, ৫ দিন পর ফিরল আপন ঠিকানায়
গুইসাপ

বগুড়ার ধুনটে কৃষকের বাড়িতে বন্দিদশা থেকে পাঁচদিন পর বিরল প্রজাতির বড় একটি গুইসাপ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গুইসাপটি অবমুক্ত করেন জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম।

স্থানীয়রা জানায়, ১৮ জুলাই দুপুরের দিকে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের আদর্শ কৃষক আব্দুল গনি। পথে তার সামনে দিয়ে গুইসাপটি হেঁটে যাচ্ছিল। খাবারের সন্ধানে লোকালয়ে আসে গুইসাপটি। তখন স্থানীয়দের সহযোগিতায় কৌশলে গুইসাপটি ধরে বাড়িতে নেন আব্দুল গনি। পরে সিমেন্টের তৈরি একটি বড় পাত্রের ভেতর গুইসাপটি আটকে রাখেন তিনি। 

খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিদিন গুইসাপটি দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমান উৎসুক লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুইসাপটিকে বন্দিদশা থেকে নিরাপদে মুক্ত করে দেন স্বাধীন জীবনের নির্বাহী পরিচারক। 

এ বিষয়ে আব্দুল গনি বলেন, কৌতূহলবশত গুইসাপটিকে ধরে রেখেছিলাম। তবে প্রাণীটির ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি। শখ করে কয়েকদিন পালন করেছি। প্রাণীটিকে খাবার দিয়েছি। তবে এটা ঠিক হয়নি। ভুল বুঝতে পেরে প্রাণীটিকে ছেড়ে দিয়েছি।

স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম বলেন, আমাদের পরিবেশের উপকারী বন্ধুরা বড়ই বিপন্ন। যেভাবে বিপন্ন শকুন, ঠিক সেভাবেই বিপন্ন গুইসাপ। কারণ এরা শকুনের মতোই মরা, পচা প্রাণী খেয়ে পরিবেশের অপরিসীম উপকার করে চলে। খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল গুইসাপটি। কিন্তু গুইসাপটি আটকে রাখেন অসচেতন এক কৃষক। তাকে বুঝিয়ে গুইসাপটি নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।

ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। এ প্রাণীটিকে আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!