মানিকগঞ্জে চুরি যাওয়া ৫ মোটরসাইকেল ফরিদপুরে উদ্ধার, গ্রেফতার ৩
মানিকগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরো চারটি চোরাই মোটরসাইকেল ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে মোটরসাইকেল চুরিতে জড়িত তিনজনকে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে মানিগকঞ্জ সদর থানায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, গত ২৪ জুন দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা বিআরডিবি অফিসের সামনে থেকে বাগজান গ্রামের জসিম উদ্দিনের মোটরসাইকেলটি (মানিকগঞ্জ ল-১১-৪৪২৫) চুরি হয়। তিনি ওই দিনই মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ক্লুলেস মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটনে তদন্তে নামে।
.png)
এই ঘটনায় ফরিদপুর জেলার জহিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থেকে নূর মোহাম্মদ ও মহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের থেকে মানিকগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরো চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।