ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ খাদে, প্রাণ গেল চালকের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ২৮ জুলাই ২০২২
গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ খাদে, প্রাণ গেল চালকের
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাগমারায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম জাহিদ হাসান (২৫)।

বুধবার রাতে উপজেলার বালানগর (মাথাভাঙ্গা) মোড়ে ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনায় ওই পিকআপ ভ্যানের হেলপার আয়ুব আলী আহত হয়েছেন। আয়ুব আলীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত জাহিদ হাসানের বাড়ি রাজশাহীর দামকুড়া হাট এলাকায়। তিনি দীর্ঘদিন থেকে বাগমারাসহ বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে আসছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি ভবানীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। রাতে হঠাৎ বৃষ্টি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় রাস্তার নিচে পানিতে পড়ে যায় পিকআপটি। হেলপার বের হতে পারলেও গাড়িতে থেকে যান চালক। অনেক চেষ্টা করেও চালককে বের করতে পারেননি হেলপার আয়ুব আলী।

পানির নিচে তলিয়ে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে চালকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বাগমারা থানায় খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় থানা পুলিশের পক্ষ থেকে। খবর পাওয়া মাত্র তারাও ছুটে আসে সেখানে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে তলিয়ে যাওয়া পিকআপটি সরিয়ে চালকের লাশ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত ওই পিকআপে ৬৮টি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে বাগমারা থানার (ওসি-তদন্ত) পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!