ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ৫ বছরে ১০৪ খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ১৩ আগস্ট ২০২২
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ৫ বছরে ১০৪ খুন
রোহিঙ্গা ক্যাম্প: ফাইল ফটো

যখন তখন খুনে মেতে উঠছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পারস্পরিক সংঘাতসহ বিভিন্ন অপরাধে প্রায়ই রক্তাক্ত হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। এরই ধারাবাহিকতায় গত ৫ বছরে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন কমপক্ষে ১০৪ জন।

সর্বশেষ গত ৯ আগস্ট উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ২ রোহিঙ্গা মাঝি।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ জন, ২০১৮ সালে ২৩ জন, ২০১৯ সালে ২৩ জন, ২০২০ সালে ১৮ জন, ২০২১ সালে  ২৪ জন ও ২০২২ সালের আগস্টের ৯ তারিখ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

Advertisement

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসার সম্পৃক্ততা রয়েছে। তাছাড়া রয়েছে আধিপত্য বিস্তারসহ মাদক ও চোরাচালানের ঘটনাও। 

গত ১৩ জুন পুলিশের তদন্ত প্রতিবেদনে জানানো হয়, আলোচিত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর নির্দেশে হত্যা করা হয়। মুহিব উল্লাহর সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের কারণে আরসার কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, ক্যাম্পে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ এমন কোনো অপরাধ নেই যেখানে আরসা জড়িত নয়। নানা অপরাধের পাশাপাশি আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিপক্ষেও কাজ করে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম  বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তা পর্যালোচনা করলে দেখা যায়, রোহিঙ্গারা ১৭ ধরনের অপরাধে জড়িত। এসব অপরাধের দায়ে ২০১৭ সাল থেকে ২০২২ সালের  ৯ আগস্ট পর্যন্ত থানায় ১ হাজার ৯৬৭টি মামলা হয়েছে। আর এ সময়ের মধ্যে খুনের ঘটনা ঘটেছে ১০৪টি।

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর হাতিয়ার ভাসানচরসহ প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। গত ৫ বছরে রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে প্রায় ২ লাখ। তাই সংকট দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!