ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অফিসের ভেতরে মিলল নৈশপ্রহরীর গলায় গামছা পেঁচানো লাশ 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২০ আগস্ট ২০২২
অফিসের ভেতরে মিলল নৈশপ্রহরীর গলায় গামছা পেঁচানো লাশ 
অভয়নগর থানা। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিন্টু তরফদার নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার তালতলা এলাকায় সরকার গ্রুপের ঘাটের অফিসের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মিন্টু তরফদার উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন মৃত মুসা তরফদারের ছেলে। তিনি সরকার গ্রুপের ঘাটে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

ঘাটের ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘এক বছর আগে নৈশপ্রহরী পদে মিন্টু তরফদার আমাদের ঘাটে যোগ দেন। শনিবার সকাল ৯টার সময় অফিসে এসে দেখি দরজা খোলা এবং ঘাটের সব বাতি জ্বলছে। অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিন্টু তরফদারের দেহ পড়ে রয়েছে। পরে
অভয়নগর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

Advertisement

নিহতের ছেলে ইনামুল বলেন, ‘বাবা চার বছর ধরে সরকার গ্রুপে মোটর মেকানিক হিসেবে কাজ করেছেন। পরে গত এক বছর ধরে নৈশপ্রহরীর কাজ করছিলেন। বাবাকে কী কারণে খুন করা হলো বুঝতে পারছি না।’

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, নৈশপ্রহরীর মুখমণ্ডল রক্তাক্ত ও গলায় হলুদ রঙের একটি গামছা পেঁচানো ছিল। সন্দেহজনক মৃত্যু হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!