প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়েছিল বলে স্বীকার করেছে।
আটককৃত রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২নং ক্লাস্টারের মো. রফিকের স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার মেয়ে সমিরা (৮) ও কাইছার (৩ মাস)।
.png)
শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে আটক রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শিমুল মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজার এলাকায় দুই শিশুসহ এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখায় স্থানীয়রা আটক করেন। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় তারা সবাই রোহিঙ্গা এবং কক্সবাজার যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলারযোগে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছে। পরে চরজব্বর থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।