ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৯ জেলে সুন্দরবনে উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ২৩ আগস্ট ২০২২
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৯ জেলে সুন্দরবনে উদ্ধার
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৯ জেলে সুন্দরবনে উদ্ধার- ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে ডুবে যাওয়া ট্রলারের ৯ জন জেলেকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাগা দোবেকী টহল ফাঁড়ির আওতাধীন ছোদনখালী খাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন।

যৌথভাবে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুরে তাদের জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও বন বিভাগ।

উদ্ধারকৃত জেলেরা হলেন পটুয়াখালী জেলার কালাপাড়া থানার লালুয়া গ্রামের হিরু মাঝি, সালিমপুর গ্রামের জলিল হাওলাদার, নিলগঞ্জ গ্রামের ফারুক হাওলাদার, চিনগুড়িয়া গ্রামের মো. ফিরোজ, মো. করিম খান, সবুজ হাওলাদার, লালুয়া গ্রামের মো. ইউসুফ, জহিরুল মেরদা ও চারিপাড়া গ্রামের সেলিম হাওলাদার।

Advertisement

নিখোঁজ জেলেরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লালুয়া গ্রামের আব্বাস খাঁ, চান্দুপাড়ার জুয়েল খাঁ, বনাতী গ্রামের রাকিবুল ও চিংড়ীয়া গ্রামের দুলাল হাওলাদার।

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কাগাদোবেকি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই জেলেরা গত ১৬ আগস্ট পটুয়াখালী জেলার মহিপুর মৎস্য বন্দর থেকে সাগরে যান। নিন্মচাপের প্রভাবে ১৯ আগস্ট তাদের ট্রলারটি ডুবে যায়। চার সিলিন্ডারের এমভি ওবায়দুল নামের ওই ট্রলারটির মালিক পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ওবায়দুর গাজী।

ইসমাইল হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুরে ছোদন খালী খালে নিয়মিত টহল চলছিল। এ সময় বনের পাড়ে কয়েকজনকে প্রায় অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। কোস্ট গার্ডের একটি টহল দলও সেখানে ছিল। পরে আমরা যৌথভাবে ভুক্তভোগীদের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারি। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থা স্বাভাবিক হলে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।’

উদ্ধারকৃতদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা ১৩ জন সাগরে মাছ ধরতে যায়। ট্রলার ডুবে যাওয়ার সময় দুইজন সেখান থেকে বের হতে পারেনি। বাকি ১১ জন সাগরে ভাসছিল। এর মধ্যে দুজন সাগরের ঢেউয়ে নিখোঁজ হন। বাকি ৯ জন ভাসতে ভাসতে সুন্দরবনের কালীরচর এলাকায় আশ্রয় নেন। পরে সেখান থেকে কাঠের ভেলা তৈরি করে কোনোরকমে ছোদনখালী খালের গোড়ায় এসে অবস্থান নেন। নিয়মিত টহল দেওয়ার সময় তাদের দেখতে পেয়ে কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার করা হয়।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!