খিচুড়ি খাওয়ার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরের জাজিরায় খিচুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সালাম মোড়ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান। এর আগে ওই শিশুর বাবা পদ্মাসেতু দক্ষিণ থানায় মামলাটি করেন। ঘটনাটি ঘটেছে নাওডোবা ইউপির সদর আলী খাঁর কান্দি গ্রামে।
জানা যায়, বুধবার দুপুরে বাড়ির কাছের সালাম মোড়লের দোকানে যায় শিশুটি। পরে সালাম তাকে খিচুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের ভেতর ফ্রিজের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এলে তার মা কারণ জানতে চাইলে সে পুরো ঘটনা বলে। পরে তার মা ও স্বজনরা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান।
.png)
পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছেন সালাম মোড়ল।
শিশুটির মা বলেন, সালাম মোড়ল খিচুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে আমার ছোট্ট শিশুকে ধর্ষণ করেছে। আমি ওই নরপিচাশ সালামের ফাঁসি চাই।
প্রতিবেশী শুকুরজান বেগম বলেন, সালাম মোড়ল এর আগেও অনেক জায়গায় এমন ঘটনা ঘটিয়েছে। এছাড়া তার গোষ্ঠীজ্ঞাতির লোকের একজনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জেল খাটছে। আমরা এই ধর্ষকের বিচার চাই।
পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তার আগেই সালাম পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুরে সালামের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।