নিজের বাড়ি রাজশাহী হলেও এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের খোঁজে ছুটে আসেন রাঙামাটির কাউখালীতে। এ নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের ২২ বছরের এ গৃহবধূ।
জানা গেছে, চট্টগ্রামের রাউজান উপজেলার এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই গৃহবধূর। তাদের নিয়মিত কথা হলেও কয়েকদিন ধরে প্রেমিকের ফোন বন্ধ পাচ্ছিলেন তিনি। তাই এসএসসি পরীক্ষার্থী প্রেমিককে খুঁজতে চলে আসেন রাঙামাটির কাউখালীতে।
.png)
স্থানীয়রা জানায়, কাউখালীর বেতবুনিয়া গুইয়াতল এলাকায় ওই নারীকে ঘোরাফেরা করতে দেখে মানুষের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইউপি সদস্য নেওয়াজ করিম মাসুদ। এরপর বিষয়টি জানাজানি হয়।
পরে তাকে গ্রাম পুলিশ মিজানের পরিবারের জিম্মায় রেখে মঙ্গলবার দুপুরে কাউখালী থানায় বিষয়টি জানান ইউপি সদস্য নেওয়াজ করিম মাসুদ। এরপর মেয়েটির পরিবারকে খবর দেয় পুলিশ। বুধবার সকালে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
কাউখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ওই নারীর দুটি সন্তান রয়েছে। ফেসবুকে রাউজানের এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।
ওসি আরো জানান, ওই নারীর এক ধরনের মানসিক সমস্যা রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারো কোনো অভিযোগ না থাকায় তাকে নিজ বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।