ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২২
হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টকাণ্ডে ধর্ষণ মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আদালতে তোলা হয়।

রোববার কড়া নিরাপত্তায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের আদালতে হাজির করা হয়।

এদিন তার বিরুদ্ধে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক তবিদুর রহমান, সাইদুজ্জামান, এসআই ইয়াউর রহমান ও এএসআই রাকিবুল ইসলাম উজ্জ্বলসহ চার পুলিশ কর্মকর্তা ও আগের ধার্য তারিখে (১৭ জুলাই) বাকি থাকা দুই সাক্ষীসহ মোট ছয়জনের সাক্ষ্য নেয়ার কথা থাকলেও দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

Advertisement

সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ জানান, সোনারগাঁ থানার রয়েল রিসোর্টে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মামুনুল হক। সোনারগাঁ থানার দুই পুলিশ কর্মকর্তা ভুক্তভোগীকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আসামি মামুনুল হক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। কিন্তু পরবর্তীতে তাকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন।

তিনি আরো জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আরো ৩০ জনের সাক্ষ্যগ্রহণ করবেন আদালত। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় মামুনুল হককে। পরে সাক্ষ্যগ্রহণ শেষে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!