ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে কলেজছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলা, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২১ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে কলেজছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলা, আটক ২
আহত কলেজছাত্র- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে শাকিল আহমেদ নামে এক কলেজছাত্রের উপর হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ইট দিয়ে শাকিলের মাথা ফাটিয়ে দেয় তারা। শাকিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার মা-বাবা সদর হাসপাতালে ভর্তি করে।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্র শাকিল লামচরী গ্রামের মো. মনির হোসেনের ছেলে এবং দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। হামলাকারী সবাই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং লামচরী গ্রামের চিহ্নিত বখাটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নাঈম ও আরাফ নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে।

চিকিৎসাধীন শাকিল জানান, দুপুরে তিনি বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় নাঈম, নাহিদ ও আরাফসহ ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে তার ওপর হামলা করে। একপর্যায় তারা ইট দিয়ে আঘাত করে শাকিলের মাথা ফাটিয়ে দেয়। শাকিলের সঙ্গে এলাকায় কারো কোনো শত্রুতা নেই। তবে সকালে তার এক বন্ধুর সঙ্গে ঐ কিশোর গ্যাং সদস্যদের মারামারি হয়। ঐ সময় শাকিল ঘুমিয়ে ছিলেন। হয়তো এ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর হামলা করা হয়েছে বলে দাবি শাকিলের।

Advertisement

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কলেজছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!