ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে ৩ গুণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ১ নভেম্বর ২০২২
চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে ৩ গুণ
ফাইল ছবি

চলতি বছরের আগস্টে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১১৪ জনের। সেপ্টেম্বরে সেই সংখ্যা পাঁচগুণ বেড়ে দাঁড়িয়েছিল ৬০১ জনে। আর অক্টোবরে তা আরো বেড়ে দাঁড়ায় এক হাজার ৮৬১ জনে। সে হিসেবে সেপ্টেম্বর ও অক্টোবর মাত্র এক মাসের ব্যবধানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণ। আর আগস্টের হিসেবে বেড়েছে ১৬ গুণ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রামে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৭৬ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই শনাক্ত হন এক হাজার ৮৬১ জন। যাদের মধ্যে এক হাজার ৩৫৬ জনই নগরীর বাসিন্দা। এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন।

বছরের শুরুতে জানুয়ারিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন মাত্র ৯ জন। এছাড়া ফেব্রুয়ারিতে চার, মার্চে এক, এপ্রিলে তিন, জুনে ১৯, জুলাইয়ে ৬৪, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও সর্বশেষ অক্টোবরে এক হাজার ৮৬১ জন শনাক্ত হন।

Advertisement

চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই এ রোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সবার আগে প্রয়োজন সচেতনতা। ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাতে হবে। পাশাপাশি কোনো ধরনের উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!