ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রক্সি দিতে গিয়ে ধরা মাদরাসাছাত্র, পরীক্ষার্থী বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ৭ নভেম্বর ২০২২
প্রক্সি দিতে গিয়ে ধরা মাদরাসাছাত্র, পরীক্ষার্থী বহিষ্কার
দণ্ডপ্রাপ্ত মোকবুল হোসেন

অন্যের হয়ে আলিম পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মোকবুল হোসেন নামে এক মাদরাসাছাত্র। এ সময় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

রোববার দুপুরে রাজশাহীর পবায় উপজেলার নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, আলিম পরীক্ষার্থী আবুল হায়াতের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন আলীগঞ্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মোকবুল হোসেন। মূল পরীক্ষার্থী ভালো ছাত্র না হওয়ায় তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মোকবুল।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার বলেন, নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনকালে মকবুল হোসেনকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানানো হয়। পরে মকবুলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে  কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয়, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

পবা ইউএনও লসমী চাকমা বলেন, অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ায় একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!