সোমবার রাত ২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়াপাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছয় ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শ্রমিকরা জানান, রাত ২টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন শ্রমিকরা। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এসব গুদামে পাট মজুত রাখতেন ১৩ জন ব্যবসায়ী। এর মধ্যে মোকলেছুর রহমান ডাবলুর আড়াই হাজার মণ, ইউনুছ আলী তালুকদারের ১২০০ মণ, আইয়ুব আলীর ৪০০ মণ, শামীম রেজার ২০০ মণ, রিপনের এক হাজার মণ, শ্রী গজন কুমার সাহার ১২০০ মণ, আসাদুল ইসলামের চার হাজার মণ, রজব আলীর দুই হাজার মণ, সোলাইমানের দুই হাজার মণ, আব্দুর রউফ সরকারের আড়াইশ মণ, শ্রী লোটন কুমার কুণ্ডুর ৩০০ মণ ও শহিদুল ইসলামের ৬০ হাজার বস্তা পাট ছিল। এছাড়া আরো অনেক ব্যবসায়ী পাট ও পাটের বস্তা মজুত করেন।
উল্লাপাড়া পাট বন্দর বণিক সমিতির সহ-সভাপতি মোকলেছুর রহমান ডাবলু জানান, গুদামে তার আড়াই হাজার মণ পাট মজুত ছিল। আগুনে সব শেষ হয়ে গেল।
উল্লাপাড়া জুট ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, আগুনে ১০টি গুদামে থাকা প্রায় ১৭ হাজার মণ পাট ও ৬০ হাজার বস্তা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি টাকা।