এক্সরে করে মাদক কারবারির পেটের ভেতর মিলল ১৩০০ ইয়াবা
অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইয়াবাসহ দেলোয়ার হোসেন দেলু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার ব্যাগ ও পেট থেকে ২৮০০ ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল জব্দ করা হয়।
বুধবার রাত ১০টার দিকে ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।
জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা জোনাকি সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয় ১৫০০ ইয়াবা ও এক্স-রে করে তার পেটে বিশেষ কায়দায় আনা আরো ১৩০০ ইয়াবা পাওয়া যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তাকে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।