ঈশ্বরগঞ্জ থানার ওসি শেখ মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিহত ইয়াসমিন আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী। গ্রেফতার মোজাম্মেল হক উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের ইসমাইলের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে মোজাম্মেল হকের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। বিয়ের পর তাদের সংসারে দ্বন্দ্ব লেগেই থাকত। গত বুধবার মোজ্জাম্মেল হকের শাশুড়ি ইয়াসমিন আক্তার তার মেয়েকে নিতে তাদের বাড়ি যান। দুদিন মেয়ের জামাতার বাড়িতে থাকার পর ঘটনার দিন সকাল ১০টায় মিতুকে তাদের বাড়ি নিয়ে যেতে চান ইয়াসমিন আক্তার।
তবে মোজাম্মেল মিতুকে দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। মোজাম্মেল হক তার শাশুড়িকে ধাক্কা দেন। শাশুড়ির মাথা ইটের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।