অন্তঃসত্ত্বা হতেই গণধর্ষণের পর হত্যা, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
রংপুরের গঙ্গাচড়ায় অন্তঃসত্ত্বা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আদালতে উপস্থিত ছিলেন চার আসামি।
দণ্ডিতরা হলেন- গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মর্ণেয়া গ্রামের নাজির হোসেন, আবুজার রহমান, আলমগীর হোসেন, আমিনুর রহমান ও আব্দুল করিম। এর মধ্যে পলাতক রয়েছেন আলমগীর।
.png)
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন বলেন, আবুজারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর। তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আবুজারকে বিয়ের জন্য চাপ দেন মেয়েটি। কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না আবুজার। এরপর বিষয়টি সবাইকে জানানোর কথা বললে প্রেমিকাকে হত্যার পরিকল্পনা করেন প্রেমিক।
পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের ১৪ মে সন্ধ্যায় বাড়িতে একা থাকায় মেয়েটিকে ডেকে নেন আবুজার। পরে পাশের একটি পাটক্ষেতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এরপর দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যান তারা। একই দিন রাতে আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন মা-বাবা। পরদিন সকালে পাটক্ষেতে মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন কিশোরীর বাবা।
এরপর আবুজারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার তৎকালীন এসআই তৌহিদুল ইসলাম। প্রায় সাত বছর পর বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।