ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পর্যটকে ভরপুর রাঙ্গামাটি

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২৩ ডিসেম্বর ২০২২
পর্যটকে ভরপুর রাঙ্গামাটি
পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটি

টানা তিনদিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটি। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পাহাড়ি এলাকায় ছুটে এসেছেন হাজারো পর্যটক। বছরের শেষে পর্যটকের ঢল নেমেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ শহরে। আগেভাগেই বুকিং হয়েছে এখানকার বেশিরভাগ হোটেল-মোটেল।

শুক্রবার সকালেই রাঙ্গামাটি শহরে ঢুকেছে প্রচুর পর্যটকবাহী গাড়ি। শহরের বাসস্ট্যান্ড রিজার্ভ বাজারে দেখা মিলেছে গাড়ির দীর্ঘ সারির। অনেকে নিজস্ব গাড়ি নিয়েও বেড়াতে এসেছেন এখানে।

রিজার্ভ বাজার খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. রুবেল বলেন, টানা ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই প্রচুর পর্যটক রাঙ্গামাটি এসেছেন। আর গাড়ির শেষ গন্তব্য রিজার্ভ বাজার হওয়ায় আমাদের ও আশপাশের রেস্টুরেন্টে নাস্তার জন্য ভিড় করেন অনেকে।

কুমিল্লা থেকে আসা পর্যটক সাইমন বিন হাসান বলেন, পরিবার নিয়ে রাঙ্গামাটি বেড়াতে এসেছি। বোট নিয়ে কাপ্তাই লেকে ঘুরে বিকেলে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক দেখতে যাব।

আরেক পর্যটক মো. কামাল বলেন, আমরা ঢাকা থেকে বন্ধুরা মিলে বাইক রাইড করে এসেছি। রাঙ্গামাটির পরিবেশ আসলেই অতুলনীয়। দূর থেকে লেক দেখতে খুব ভালো লাগে।

হোটেল মতি মহলের মালিক মো. শফিউল নেজাম বলেন, সকাল থেকে ভালো পর্যটক আসছে দেখতে পাচ্ছি। এরই মধ্যে আমাদের ৭০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। আশা করছি হোটেলের শতভাগ বুকিং হয়ে যাবে। এছাড়া শহরের প্রায় অধিকাংশ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। যারা বুকিং দেননি, তারা শহরে এসেই হোটেল বুকিং দিচ্ছেন।

হোটেল নাদিশা ইন্টারন্যাশনালের ম্যানেজার মো. শাহীন সুলতান বলেন, সাপ্তাহিক ও বড় দিনের ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটিতে রাঙ্গামাটিতে এখন উৎসবমুখর পরিবেশ। রাঙ্গামাটিতে যথেষ্ট পর্যটক এসেছেন। আমাদের হোটেল শতভাগ বুকিং রয়েছে।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৃজন কান্তি বড়ুয়া বলেন, রাঙ্গামাটিতে পর্যটক সমাগম বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রায় ৯০ শতাংশ আবাসিক কক্ষ বুকিং রয়েছে। শিগগিরই বাকি কক্ষ বুকিং হবে।

রাঙ্গামাটি পর্যটন ঘাটের ইজারাদার ও ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, রাঙ্গামাটিতে এখন পর্যটক সমাগম খুবই ভালো। আমাদের সমিতি থেকে পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আগামী দুদিন বন্ধ থাকায় পর্যটকদের এ স্রোত চলমান থাকবে বলে আশা করছি।

ট্যুরিস্ট বোট মালিক সমিতির সিনিয়র সদস্য ও ট্যুরিস্ট গাইড মো. নাসির বলেন, রাঙ্গামাটি পর্যটন নগরী হওয়ায় টানা তিনদিনের ছুটিতে যথেষ্ট পর্যটক আসছেন। ট্যুরিস্টরা যেন নির্বিঘ্নে কাপ্তাই লেকে ঘুরতে পারেন, সেই লক্ষ্যে বোট মালিক সমিতি থেকে পদক্ষেপ নিয়েছি আমরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!