রোববার সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার জাহিদুলের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল গফুর রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে। আব্দুল গফুরকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, আব্দুল গফুর পেশায় একজন অটোরিকশা চালক। স্ত্রীকে নিয়ে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি। কিছুদিন থেকে পারিবারিক বিবাদের কারণে তার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এজন্য অটোরিকশা চালানোও বন্ধ রেখেছিলেন আব্দুল গফুর। গত বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের সঙ্গে দেখা করে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
.png)
পরিবারের সদস্যদের দাবি, আব্দুল গফুরকে হত্যা করা হয়েছে। কারণ লাশের সঙ্গে প্যান্টের পকেটে প্রায় দেড় হাজার টাকা, জন্মনিবন্ধন সনদ, মোবাইল সিম অক্ষত আছে। চুরি, ছিনতাই বা দুর্ঘটনায় এ মৃত্যু হয়নি। বরং পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে লাশ ফেলা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।